দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০১:৩৯ পিএম
দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

দেশের স্বার্থ ও জনগণের দায়িত্ব পালনে সরকার প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে।’

তিনি বলেন, দেশে এখন নতুন করে রাষ্ট্র ও সমাজ গঠনের সময় এসেছে। জনগণের দেওয়া দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও দাবি করেন, বিএনপি যে রাজনৈতিক মূল্যবোধ তৈরি করেছে, তারই ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থানের প্রজন্ম তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করার উদ্দেশ্যে ফ্যাসিবাদ খালেদা জিয়াকে লক্ষ্য করে হত্যার ষড়যন্ত্র করেছিল।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও বক্তব্য দেন। তিনি বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণের চেষ্টা করছে বিএনপি। এমন পরিস্থিতিতে একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোকচিত্র প্রদর্শনীতে ফ্যাসিবাদের ১৫ বছর এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও স্মৃতি তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে