রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ স্বর্ণালংকার, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে গ্রেপ্তার ৪৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উত্তরা বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫১ জন, ওয়ারী ও তেজগাঁও বিভাগে ৪৮ জন করে, মতিঝিল বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা ও ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।