মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল

নিজস্ব প্রতিবেদন
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০১:৫৭ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০১:৫৭ পিএম
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল
ছবি: সংগ্রহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে দুই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরীক্ষা করছেন। তবে মিরপুর-১০-এর বস্তুটি আসলে বোমা বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর ও তেজগাঁও এলাকায় একই সময়ে বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, খবর পাওয়ার পর সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখছেন। এটি আইইডি কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমাসদৃশ বস্তু রয়েছে বলে খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। পরিস্থিতি যাচাই করতে ডিএমপির সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়।

মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার। সন্দেহজনক বস্তুটি বোমা বা ক্ষতিকর কোনো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ তৈরি হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ড বা পিলারের কাছে পরিত্যক্ত বস্তা পড়ে থাকার খবর পাওয়া যায়। বস্তার ভেতরে কী রয়েছে, তা স্পষ্ট না হওয়ায় বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়।

তিনি বলেন, বস্তার ভেতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে বিষয়টি অবহেলা না করে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি দল ফার্মগেট এলাকায় পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সেখানে থাকা বস্তুটি পরে একটি খালি বস্তা বলে জানা যায়।

এর আগে রাজধানীর মেট্রোরেল স্টেশনের আশপাশে সন্দেহজনক বস্তুকে ঘিরে এমন আতঙ্কের ঘটনা ঘটেছে। গত ২৪ জুলাই রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে পাইপ বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

এ ছাড়া বৃহস্পতিবার রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকেও শক্তিশালী বোমা উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। পরে সেটিও নিষ্ক্রিয় করা হয়।

মিরপুর-১০ ও ফার্মগেটের ঘটনায় সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পরই মিরপুরের বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার জেলার সংবাদ পড়তে