স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও কিশোরগঞ্জের হোসেনপুরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রমে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় তারাপাশা চৌরাস্তা এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমর্থকদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. নূরুল হক। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিলসহ সমর্থকেরা সভাস্থলে যোগ দিলে একপর্যায়ে পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।
সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই জনগণের সঙ্গে মতবিনিময় এবং উন্নয়নের প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রতন নির্বাচন ঘোষণার আগেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে তার সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তারা। সভায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।