চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের আধারে অসুস্থ গরু জবাই করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে গরুর মালিক স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের স্বপন কর্মকার তার বাড়িতে থাকা একটি গরু কসাইয়ের কাছে বিক্রি করে দেন। শুক্রবার রাতে গরুটি গুরুতর অসুস্থ হলে কসাই গরুটি জবাই করে নিয়ে অন্যস্থানে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় জনগণ টের পেলে মরা গরু জবাই সন্দেহে গরুটি আটক করে। এসময় জনৈক কসাই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।। পরে জবাইকৃত আটক গরুটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জবাইকৃত গরুটি মাংশ পরীক্ষা করা হয়।
গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াশিম আকরাম জানান, গরুটির অসুস্থ্যতা পরিক্ষান্তে এর মাংশ ভক্ষণ অযোগ্য। এ ধরণের অসুস্থ গরু বিক্রয় বা জবাই করা ' পশু জবাই ও মাংশের মান নিয়ন্ত্রণ আইন,১১' পরিপস্থি। পরে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী গরু বিক্রেতা স্বপন কর্মকারকে 'পশু জবাই ও মাংশের মান নিয়ন্ত্রণ আইন,১১' এর এর ১৮ ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ২৩ ও ২৪ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত গরুটি উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্তৃক নমুনা সংগ্রহের পর মাটিতে পুতে বিনষ্ট করা হবে বলে তিনি জানান।