তানোরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ১০:২৮ পিএম
তানোরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোট বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে তানোর  বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার ফুটবল মাঠে এসে শেষ হয়। গণমিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারীদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা,ব্যানার ও ফেস্টুন। মিছিলজুড়ে তারা গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে তানোর বাজার এলাকায় কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশের পাশাপাশি যান চলাচলে ধীরগতি দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে। 

গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, আব্দুর রহিম,উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মোকছেদ আলী, তানোর পৌরসভার মেয়র প্রার্থী মো.মাহবুব রহমান চৌধুরী, তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আফজাল হোসেন, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা পূরণে গণভোট বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করা সময়ের দাবি। তারা জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেরও আহ্বান জানান।বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে জনগণের অংশ গ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ গণমিছিল শেষে দেশ, জাতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে