জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী

গফরগাঁওয়ে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ১১:২৩ এএম
গফরগাঁওয়ে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা। শনিবার (১ আগষ্ট) বিকেলে পাগলা বাজার দলীয় কার্যালয়ে সামনে থেকে অনুষ্ঠিত গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা এমদাদুল হক। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি শরিফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা প্রিন্সিপাল আবু তালেব, মাওলানা সাইদুল ইসলাম, ডা. জাহিদুল ইসলাম রুবেলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক বলেন, গণভোটে জনগণের দেওয়া গণরায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রায় ৭০% ভোটারের প্রদত্ত গণরায়কে উপেক্ষা করে মাত্র ৫০% ভোটে গঠিত কোনো সরকার জনগণের সুস্পষ্ট অভিপ্রায়কে অকার্যকর করতে পারে না। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, "ক্ষমতায় গিয়ে জুলাই সনদের অঙ্গীকার ভুলে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন ও লালন-পালনে ব্যস্ত হয়ে পড়েছেন।  বর্তমান এমপি জুলাই আন্দোলনের ত্যাগী নেতাকর্মীদের পাশ কাটিয়ে ফ্যাসিবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। জনগণ এসব কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এর রাজনৈতিক পরিণতি সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।" সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায়ে অভিযুক্ত ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণভোটের রায়সহ ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোরালো দাবি জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে