শ্রীমঙ্গলের হাইল হাওরের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করে নিরাপদে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। উদ্ধারকারী দলের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের কোনো নম্বর না পাওয়ায় উপস্থিত কয়েকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।
এ সময় স্থানীয় সচেতন এক ব্যক্তি মুহিবুর রহমান সবাইকে সাপটি হত্যা না করার জন্য অনুরোধ করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মোবাইলে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতন ভূমিকার প্রশংসা করা হয়। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, তাঁর সময়োপযোগী উদ্যোগের কারণেই একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বনপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটিকে লাউয়াছড়া বনে নেওয়া হয়েছে। সেখানে ১-২ দিন পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে প্রাকৃতিক আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অজগর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বিষ সরীসৃপ। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোথাও অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত বা ক্ষতিগ্রস্ত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা উদ্ধারকারী সংস্থাকে দ্রুত খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।