নাটোরের সিংড়ায় বজ্রপাতে মিলন উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩ টায় উপজেলার চাঁনপুর মাঠে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। সে পেশায় দিনমজুর। চলনবিলের মাঠে পাট কাটতে গিয়ে বজ্রপাতে তার মাঠেই মৃত্যু হয় বলে জানা গেছে।
জানা যায়, রোববার বিকেলে দিনমজুর মিলন উদ্দিন সহ বেশ কয়েকজন চাঁনপুর মাঠে এক কৃষকের জমির পাট কাটা ও জাগ দেওয়ার কাজ করছিলেন। এসময় ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হলে সকলেই নিরাপদে আশ্রয় নেন। কিন্তু নিহত দিনমজুর মিলন উদ্দিন তার খাবার বাটি ও কাপড় নিতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।