৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর): | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৫:১৬ পিএম
চাঁদপুরে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সূচিত হওয়া নতুন অধ্যায়ের স্মরণে ৫ আগস্ট পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। এ উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদ, আহত ও সংগ্রামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এই আয়োজনে সকলের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি:

পুষ্পস্তবক অর্পণ: সকাল ও সুবিধাজনক সময়ে চাঁদপুর শহিদ মিনার প্রাঙ্গণের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিশেষ মোনাজাত ও প্রার্থনা: বাদ জোহর ও সুবিধাজনক সময়ে চাঁদপুর জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা ও আলোচনা সভা: নতুনবাজার কদমতলার চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বিশেষ চলচ্চিত্র বাসস্ট্যান্ড, কালিবাড়ি মোড়, মোলহেডসহ বিভিন্ন জনসমাগমস্থল এবং উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানসমূহে প্রদর্শিত হবে।

বিনামূল্যে বিনোদন: জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

উন্নত খাবার পরিবেশন: সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কর্মসূচি: দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আয়োজন করা হয়েছে: জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।৩১ জন জুলাই শহিদের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিশেষ আলোচনা সভা। ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে