মেধার স্বীকৃতিতে উজ্জ্বল কৃতি মুখ

‘বিজয়ী’র সংবর্ধনায় অনুপ্রাণিত পুরান বাজারের শিক্ষার্থীরা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ পিএম
‘বিজয়ী’র সংবর্ধনায় অনুপ্রাণিত পুরান বাজারের শিক্ষার্থীরা

চাঁদপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ২ জন অর্জন করেছেন গোল্ডেন জিপিএ-৫। কৃতি শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য উদযাপনে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীন সুলতানা-এর উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সংবর্ধনায় ছিল ভিন্নমাত্রার এক আনন্দঘন আয়োজন। কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাতে সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান নিজ হাতে একটি বিশেষ কেক তৈরি করেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেনের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও ক্রীড়াবিদ জাকির হোসেন খান সিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান; দৈনিক বাংলাদেশের আলো-র চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও 'বিজয়ী'র উপদেষ্টা সাইদ হোসেন অপু চৌধুরী এবং দৈনিক চাঁদপুর কণ্ঠ-এর চিফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল রহমান লাবু, সিনিয়র শিক্ষক দুলাল রায়, বিশ্বজিৎ চন্দ, দিলীপ কুমার দেবনাথ, সহকারী শিক্ষক শিপন শেখসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাঁদের পরিবার বা বিদ্যালয়ের নয়, পুরো চাঁদপুরবাসীর জন্য গর্বের।" তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন সমাজে একটি চমৎকার বার্তা দেয়।

উল্লেখ্য, ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক নানা উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এই শিক্ষাবান্ধব উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সংবর্ধনা ও সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কৃতি শিক্ষার্থীরা। তারা জানায়, অর্জনের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে। আয়োজনের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। মেধার মূল্যায়নে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে