জুলাই বিপ্লবীদের ইউরোপ সফর ও শিক্ষাবৃত্তির ঘোষণা আসলাম চৌধুরীর

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৯:২৪ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:২৪ পিএম
জুলাই বিপ্লবীদের ইউরোপ সফর ও শিক্ষাবৃত্তির ঘোষণা আসলাম চৌধুরীর

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সম্মান জানাতে প্রতিবছর দুজন ‘জুলাই যোদ্ধাকে’ ব্যক্তিগত অর্থায়নে ইউরোপ সফরের সুযোগ দেওয়া, শহীদ ও আহত পরিবারের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু এবং সীতাকুণ্ডের উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি টাকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।


ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ দিবস ও ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে বুধবার সকালে সীতাকুণ্ড পৌরসভার এল. কে. সিদ্দিক স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।


সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় আসলাম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা কারাবরণ করেছেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন, তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন।


তিনি বলেন, রাজনৈতিক ত্যাগ ও অবদানের মূল্যায়ন করা জরুরি। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।


জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য ঘোষিত কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সীতাকুণ্ড থেকে মনোনীত দুইজন ‘জুলাই যোদ্ধাকে’ প্রতিবছর নিজস্ব অর্থায়নে ইউরোপ সফরের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নেওয়া, আহত ও শহীদ পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিশেষ শিক্ষাবৃত্তি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।


সীতাকুণ্ডের উন্নয়ন প্রসঙ্গে আসলাম চৌধুরী বলেন, জনগণের আস্থার প্রতিদান দিতে এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাঁর দাবি, সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে এর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।


বিজয় র‍্যালি শেষে বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, জুলাই-আগস্টের আন্দোলন দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতার ফল। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


তিনি আরও বলেন, কথা নয়, কাজের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। দেশ গঠনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ ছলু, ফজলুল করিম চৌধুরী, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ইউসুফ নিজামী, মোজাহের উদ্দিন আশরাফ, নাজমুন নাহার নেলী, অ্যাডভোকেট রওশনারা, খোরশেদ আলম, মো. ইসমাইল, আবুল বশর ভূঁইয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।


আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এল. কে. সিদ্দিক স্কয়ার থেকে বিজয় র‍্যালি বের হয়ে সীতাকুণ্ড পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে