"জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা বিএপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ই/তা