রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৫:১১ পিএম
রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি তুলে ধরেন। আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও ভূমি দখল বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে জেরার গোদাগাড়ীর কাঁকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি। সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা ও পথসভা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আদিবাসীদের নৃতাত্ত্বিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে