মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে চার লাখ টাকার মাছ নিধন

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০৫ পিএম
মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে চার লাখ টাকার মাছ নিধন

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে পুকুরে বিষ প্রয়োগ করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এব্যাপারে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডাইরি এন্ট্রি করা হয়েছে।

উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে সামসুল হক অভিযোগ করেন যে, জয়পুর স্কুলপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে কামরুল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সামসুলের খনন করা পুকুরের একপাশে কামরুল দখলের পাঁয়তারা করছিল। এবিষয়ে নওগাঁর মহাদেবপুর সহকারি জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। (মামলা নং ১৮৫/২০২৩)। ওই মামলায় বিবাদীর প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু কামরুল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামসুলের পুকুরের ক্ষতি সাধন ও দখলের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ১১ আগস্ট দুপুরে কামরুল ওই পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে পরদিন থেকে পুকুরের সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।

শুক্রবার সকালে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ওই পুকুরে মাঝারি আকারের অসংখ্য মাছ, সাপ, ব্যাঙ প্রভৃতি মরে ভেঁসে আছে। জানতে চাইলে কামরুল বলেন, পুকুরের পাশে তার বাড়ির চারপাশের জঙ্গল পরিস্কার করার জন্য তিনি বিন্যামারা বিষ প্রয়োগ করেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, সাধারণ ডাইরিটি এনজিআর মামলায় রুপান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে