চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম
চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে ধারালো অস্ত্র দিয়ে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার কুকুরটি উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন।

ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিক দাবি করেন,কুকুরটি তার পোষা ছিল। সকালে আমি মাঠে কাজে ছিলাম। বাড়ি ফিরে দেখি কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। মায়ের কাছে শুনলাম,প্রতিবেশী নাইম হোসেন শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কেন মেরেছে জানি না। আমার খুব শখের পোষা কুকুর ছিল। আমি বিচার চাই।”

একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে অভিযুক্ত নাইম হোসেন বলেন,“ওই কুকুর আমার কয়েকটা ছাগলকে কামড়িয়েছে। এছাড়া এলাকার অন্যদের ছাগল-মুরগিকেও কামড়ায়। এতে ছাগল-মুরগি পালন করা যাচ্ছে না। অতিষ্ঠ হয়ে শাবল দিয়ে কুকুরটাকে মেরে ফেলেছি। আরও দুইটা কুকুর আছে,সেগুলোকেও মেরে ফেলব। পোষা কুকুর হলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। অন্যের ক্ষতি মেনে নেওয়া যায় না।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.স্বপন কুমার সরকার জানান,ঘটনাস্থল পরিদর্শন করে কুকুরটির মৃতদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তাঁর প্রাথমিক ধারণা,ধারালো অস্ত্রের আঘাতে পাঁজরে জখম হয়ে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে। থানায় মামলা হলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন,মৌখিকভাবে খবর পাওয়ার পর প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলা হয়। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে