জয়পুরহাটের আক্কেলপুরে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. শরিফ (২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার রেলগেট কসাই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার শরিফ আক্কেলপুর থানার ভানুরকাদা গ্রামের মো. কামালের ছেলে।
র্যাব জানায়, গত ১০ আগস্ট আক্কেলপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় শরিফকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ৯(খ) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর শরিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।