মোল্লাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০৩ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০৩ পিএম
মোল্লাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন মোল্লাহাট উপজেলা কমিটির আয়োজনে গত রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া বিভিন্ন কর্মসূচির এ সমাপনী ও মূল্যায়ন মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “মৎস্য আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষী ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষ ও সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে।”

তিনি আরও বলেন, জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহারসহ মৎস্যসম্পদ ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শেখর পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক শফিউল আজমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মোল্লাহাট উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির সাফল্য ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে