রংপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল দুই বন্ধু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম
রংপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল দুই বন্ধু

রংপুরে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) এবং পাশের শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)। তারা সম্পর্কে দুজন বন্ধু ছিল। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আরতোর বন্ধু গাড্ডু রায় পেছনে বসেছিলেন । দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুই যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে