ভোক্তা অধিকারের অভিযান

দেলদুয়ারে ৩ প্রতিষ্ঠানে জরিমানা, ক্লিনিক সিলগালা

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৩:৩৪ পিএম
দেলদুয়ারে ৩ প্রতিষ্ঠানে জরিমানা, ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলের দেলদুয়ারে ৩ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইফ কেয়ার নামে একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার মৌলভীপাড়ায় ভোক্তা অধিকার ও উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার টাঙ্গাইলের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল ১০টায় উপজেলার মৌলভীপাড়ায় প্রতিষ্ঠিত লাইফ কেয়ার ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিকে প্যাথলজি ও রেডিওলজি কার্যক্রমে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় যেসব রি-এজেন্ট ব্যবহার করা হয় তা মেয়াদোত্তীর্ণ দেখা গেছে। ফলে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। একই মালিকের পরিচালিত মারুফা ডেন্টাল কেয়ারেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও বিপননে ব্যবহৃত কার্টুনের অতিরিক্ত ওজন পরিলক্ষিত হওয়ায় পূজা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার এবং মামা ভাগিনা মিষ্টি মুখ নামের দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, সেনেটারী ইন্সপেক্টর পুতুল রানী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে