দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষনা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগষ্ট সকাল ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, সখিপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাজু পারভিন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সখিপুর ইউনিয়নে যে শিশুরা শিশুশ্রমের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে থেকে তালিকাভুক্ত সকলকে মোটিভেশন ও সহযোগীতার মাধ্যমে আবারো পড়াশুনায় ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে এবং বাকিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। পরে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তার ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষনা করেন। অনুষ্ঠানে ইউনিয়নের শিশুশ্রমমুক্ত হওয়া শিশুদের পিতা-মাতা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।