কালীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:২৭ পিএম
কালীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নুর ইসলামের ছেলে আব্দুর রহমান (২৭)এবং একই এলাকার আব্দুল জিন্নাহ শেখের ছেলে মোমিন (২৫)।মোমিনের বিরুদ্ধে এর আগে কালীগঞ্জ থানায় চুরির একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে মোবারকগঞ্জ চিনিকলের সামনে চোর সন্দেহে দুই যুবককে স্থানীয় জনতা আটক করে মারধর করছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংঘবদ্ধ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।এ ছাড়া গত ১৩ জুন কালীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মোটর সাইকেল চুরি মামলার এজাহারভুক্ত মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জনতার হাতে আটক দুই যুবককে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চুরি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে