সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৬ পিএম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার দিবাগত রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। পাশাপাশি কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও এর আওতায় রাখা হয়েছে। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাতেও নিষেধাজ্ঞা থাকবে।

এ ছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতাভুক্ত। নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও এ আদেশ কার্যকর হবে।

ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের নির্দিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ নির্দেশনা জারি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে