ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় সিএনজি চালকসহ চারজন আহত হন। তারা হলেন—ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফয়জুল ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।”
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, “দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।