চট্টগ্রামের হাটহাজারীতে একটি পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ওই পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় চিকনদণ্ডী ইউনিয়নের দ্বিজেন্দ্রলাল ঘোষের বাড়ির বাসিন্দা শিল্পী ঘোষ হাটহাজারী মডেল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শিল্পী ঘোষ দাবি করেন, গত শনিবার দুপুরে আশিষ ঘোষের ছেলে সোমেন ঘোষ বিলাশসহ কয়েকজন তাদের বসতঘরের সামনে এসে পৈতৃক জমির অংশ দাবি করেন। এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে তার স্বামী সঞ্জয় ঘোষ ও ফুফাতো দেবর অরুপ চৌধুরীকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে য়ায়। শিল্পী ঘোষের দাবি, এ ঘটনায় মামলা করার পর অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। পরে জামিনে বেরিয়ে তিনি পরিবারকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। নিরাপত্তার কারণে তিনি বর্তমানে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন। তবে অভিযোগ অস্বীকার করে সোমেন ঘোষ বিলাশ বলেন, এসব ঘটনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বরং তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা-হামলা করে হয়রানি করে যাচ্ছে। যা এলাকার মানুষ ভালো জানে। এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।