কুয়াকাটা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম
কুয়াকাটা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫

কুয়াকাটা ভ্রমণের পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার কোচটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য ভাড়া করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে