সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) দুই দিন পর গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা-পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল।
হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।