ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, শিক্ষক আটক

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী): | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, শিক্ষক আটক

রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাঁকে আটক করা হয়।

নারায়ণ চন্দ্র চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে। তিনি ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণ চন্দ্র তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে তাঁরা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের খোঁজ করেন। পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা তাঁকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। ওই ফটোকার্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়। এতে মাদ্রাসাকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্যও ছিল। ফটোকার্ডটির নিচে ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, ‘এর আগেও নারায়ণ চন্দ্র ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা প্রতিবাদ জানালে তাঁকে বিষয়টি বুঝিয়ে এ ধরনের পোস্ট না করার জন্য বলা হয়েছিল। এরপরও তিনি গতকাল আবার পোস্ট করেছেন। স্থানীয়রা তাঁকে অবরুদ্ধ করে ফেললে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।’ তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে