পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে র্যাব ও কাউখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত মামলার ৮ নম্বর পলাতক আসামি উপজেলার নীলতি গ্রামের আঃ বারেক জোমাদ্দারের ছেলে মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে ঢাকা থেকে কাউখালী থানায় নিয়ে আসে।
(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গ্রেপ্তার মামুন হোসাইনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।