জেলা যুবদলের সভাপতি পদে তপন খানকে চান তৃণমূলের নেতা-কর্মীরা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
জেলা যুবদলের সভাপতি পদে তপন খানকে চান তৃণমূলের নেতা-কর্মীরা
গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জেলা যুবদলের সভাপতি পদে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খানকে দেখতে চান সংগঠনের বেশির ভাগ নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে নিয়ে আসা উচিত। দলীয় সূত্রে জানা যায়, তপন খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক ছাড়াও গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকদের দাবি, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলায় কারাবরণ করেছেন। তৃণমূল নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্ব নির্ধারণে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব বিবেচনায় তপন খানকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান তাঁরা। এ বিষয়ে তপন খান বলেন, নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
আপনার জেলার সংবাদ পড়তে