চাঁদপুর শত বছরের ঐতিহ্য আর সেবা নিয়ে চাঁদপুরের মানুষের আস্থার ঠিকানা ‘পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎসালয়’ নতুনরুপে যাত্রা শুরু করছে। সংস্কার, পুনঃনির্মাণ ও আধুনিকায়ন শেষে আজ শনিবার ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় এই চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এই আধুনিকায়ন কাজটি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন চিকিৎসালয়টি দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা পুরাণবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন উদ্যমে চালু হচ্ছে। নামমাত্র মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পৌরসভা ইতোমধ্যে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। চিকিৎসালয়ে নিয়মিত সেবা প্রদান করবেন মেডিকেল অফিসার ডা. তানজিল হোসেন (এমবিবিএস, সিসিডি, পিজিটি-কার্ডিওলজি)। সেবাসমূহ ও সময়সূচি-মাত্র ৫ টাকার টিকিট মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সেবা।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ।প্রতি রবিবার শিশুদের জন্য রুটিন ইপিআই টিকাদান কর্মসূচি।সেবা প্রদানের বারিক সময়: প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার-সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
প্রয়োজনীয় শর্তাবলী
সেবা গ্রহীতাদের অবশ্যই চাঁদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। চিকিৎসাসেবা গ্রহণের সময় প্রমাণক হিসেবে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ অথবা টিকা কার্ডের যেকোনো একটি সঙ্গে নিয়ে আসতে হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ায় পুরাণবাজার এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।