কোরআন-সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল সংসদে পাসের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা চাঁদপুর বায়তুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখার মোড়ে গিয়ে শেষ হয়। শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং যৌথ সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি নূরে আলম বলেন, "বাবা-মায়ের সুরক্ষার কথা বলে এমন একটি বিল সংসদে পাস করা হয়েছে, যা মুসলিম সমাজের উত্তরাধিকারব্যবস্থা, ফরায়েজ এবং নারীদের প্রাপ্য অধিকারকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমরা এই বিল কোনোভাবেই মেনে নেব না এবং অবিলম্বে এটি বাতিল করতে হবে।"
তিনি আরও বলেন, "বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করার জন্য দেশে ইতোমধ্যেই ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। তাহলে নতুন করে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কেন আরও বিস্তৃত করা হচ্ছে-সরকারকে তার জবাব দিতে হবে। মুসলমানের উত্তরাধিকার কোনো সামাজিক রীতি বা পারিবারিক সমঝোতার বিষয় নয়; এটি আল্লাহ তায়ালার নির্ধারিত বিধান। শরিয়াহর বিধানকে রাষ্ট্রীয় আইনের ঐচ্ছিক বিকল্প হিসেবে উপস্থাপন করার প্রবণতা গভীরভাবে উদ্বেগজনক।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা তারেক হাসান, শ্রমিক মজলিস জেলা সভাপতি মাওলানা মোজাম্মেল হক মিয়াজী এবং শহর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ।
অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ তেল, গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে কোরআন-সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। অবিলম্বে বিতর্কিত বিলটি ইসলামি আইন, ফরায়েজ ও সম্পত্তি আইনের বিশেষজ্ঞ আলেম-উলামা ও আইনজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করে সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার দাবি জানান বক্তারা। মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহর শাখার সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম।