শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাশেদুল ইসলাম হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বার্তা তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও পানি জমতে দেওয়া যাবে না। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। আলোচনা সভা শেষে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ অংশগ্রহণকারীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে নামেন। উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষও এগিয়ে এলে ত্রিশালকে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।