ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরশুরাম ও ফুলগাজী সফরের কথা থাকলেও নতুন করে বৃহস্পতিবার (১ অক্টোবর) সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চললেও নির্ধারিত সময় অনুযায়ী আর প্রধানমন্ত্রীর ফেনী যাওয়ার কথা থাকছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের কথা জানানো হয়েছে। নতুন করে ১ অক্টোবর সফরের সময় নির্ধারণ করা হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুও সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিবার্য কারণে সফরটি পিছিয়েছে। ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এরই মধ্যে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছিল। সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে জনসভাস্থল ও মঞ্চ তৈরির কাজ চলছিল।

সভাস্থলের জায়গা উঁচু করতে মাটি ফেলার পাশাপাশি উদ্বোধনী ফলক স্থাপনের প্রস্তুতিও নেওয়া হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও শুরু হয়েছিল।

সফরসূচি অনুযায়ী, ফুলগাজীতেও কয়েকটি কর্মসূচি উদ্বোধনের কথা ছিল। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনের মতো কর্মসূচি ছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এসব কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি চলছিল।

প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে গেলেও প্রস্তুতি পুরোপুরি বন্ধ হয়নি। সংশ্লিষ্ট প্রশাসন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে। প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করা হয়েছে।

পরশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই সঙ্গে ফুলগাজীতেও নির্ধারিত কর্মসূচিগুলো সামনে রেখে প্রস্তুতি অব্যাহত রয়েছে।

মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকার বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সফর স্থগিত হলেও নতুন তারিখে প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে