ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মশাখালি ও কাওরাইদের মাঝের সেকশনে রেললাইনের পাথরবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে এই দূর্ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী ষ্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছলে উদ্ধার কাজ শুরু হবে। এ ঘটনায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর, তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর ও যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুর আটকা পড়ে আছে। ফলে ট্রেনগুলোর হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।