ছিনতাইকারীকে ধাওয়া করে আটক: মোবাইল উদ্ধার করলেন সার্জেন্ট

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম
ছিনতাইকারীকে ধাওয়া করে আটক: মোবাইল উদ্ধার করলেন সার্জেন্ট

চিৎকার শুনে মুহূর্তেই ছুটে গেলেন দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট। চোখের সামনে ছিনতাই করে পালানোর চেষ্টা করা যুবককে ধাওয়া করে ধরলেন, এমনকি ধস্তাধস্তির মধ্যেও উদ্ধার করলেন ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন।

 ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের গদার বাজার এলাকায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গদার বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট রয়েল দেবনাথ। এ সময় শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বাসিন্দা এক নারী মোবাইল ফোন হাতে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ এক যুবক জোরপূর্বক তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ওই নারী চিৎকার শুরু করলে ঘটনাস্থলের কাছেই থাকা সার্জেন্ট রয়েল দেবনাথ বিষয়টি টের পান। তিনি এক মুহূর্ত দেরি না করে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীকে ঝাপটে ধরে ফেলেন তিনি।

আটক এড়াতে ছিনতাইকারী সার্জেন্ট রয়েল দেবনাথের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তবে শেষ পর্যন্ত তাকে কাবু করে আটক করতে সক্ষম হন সার্জেন্ট। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেন তিনি।

পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় আটক ছিনতাইকারী মো. রাকিব এবং উদ্ধার করা মোবাইল ফোনটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।

দায়িত্ব পালনকালে ঘটনাটি চোখে পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে ছিনতাইকারীকে আটক ও মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় সার্জেন্ট রয়েল দেবনাথের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি ও দায়িত্বশীলতার বিষয়টি স্থানীয়দের নজর কেড়েছে।

অপরাধ সংঘটিত হতে দেখলে সাধারণ নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। তবে এ ধরনের পরিস্থিতিতে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়া এবং নিরাপদ দূরত্ব থেকে সহযোগিতা করাই জরুরি। পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত সচেতনতাই অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে