ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক করলেন আবু হেনা রিয়াজ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৯ ওয়ার্ডে গণসংযোগ ও পরে দুস্থ অসহায়দের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠান বৈঠক করেন তিনি। এলাকার শতাধিক নারী-পুরুষ বৈঠকে অংশগ্রহণ করেন। পৌর ছাত্রদল নেতা রায়হানের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত মহিলারা আশ্রয়ন কেন্দ্রের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে মেয়র প্রার্থী আবু হেনা রিয়াজ বলেন, আমি এলাকারই সন্তান। সব সময় এলাকায় থাকি। মানুষের সেবা ও এলাকার উন্নয়নের চেষ্টা করি। ইতোমধ্যে উন্নয়ন কাজের জন্য কয়েকটি প্রকল্পের কথা এমপি মহোদয়কে জানিয়েছি। উন্নয়নের কাজের জন্য কয়েকটি প্রকল্প উপজেলায় জমা দেয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে একজন মেয়র প্রার্থী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হলে প্রথমে আশ্রয়ন কেন্দ্রের জন্য একটি কবরস্থান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা ও রাস্তা নির্মাণের কাজ করব।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।