রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন অপহৃত ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও অভিযানের বিস্তারিত তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৬৪ জন, রমনা ও লালবাগ বিভাগে ৩৮ জন করে, উত্তরা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ ও দুটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা এবং ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
পুলিশের অভিযানে মাদক ও অস্ত্রের পাশাপাশি আরও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি এবং কিছু ফুয়েল পেপার। উদ্ধার করা হয়েছে নগদ ৪ হাজার ৫০০ টাকাও।
অভিযান চলাকালে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে ওই ভিকটিমের পরিচয় বা তাকে উদ্ধারের ঘটনার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।