বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় একটি পটকা বিস্ফোরন ঘটানো হয়। বুধবার বিকেলে নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ, এসআরবি ও ডিবি পুলিশের সদস্যরা ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু করেছে। তবে এখন পযর্ন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সূত্রমতে, বুধবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০/২৫ জনের একটি গ্রুপ কাশিপুর মার্কাস মসজিদ এলাকা থেকে আওয়ামী লীগের ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন এলাকায় পৌছায়। এসময় ২/৩ টি মোটরসাইকেল যোগে এসে কয়েক যুবক একটি পটকার বিস্ফোরন ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মিছিলকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভাগীয় কমিশনার অফিসের পশ্চিম পাশের সড়ক দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে একটি পটকা বিস্ফোরন করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।