মুলাদীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৭ পিএম
মুলাদীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)। গত ২৩ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে। মুলাদী থানায় একটি পরোয়ানার ভিত্তিতে পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহীম হাওলাদার জানান, ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় নুরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করে আদালত। রায়ের পর থেকেই আসামি নুরুজ্জামান দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা তামিলের জন্য মুলাদী থানায় পাঠানো হয়।

মুলাদী থানার অধিযাচনপত্রের (রিকুইজিশন) প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি ও পুলিশ। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে নুরুজ্জামানের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে