মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়ের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধ আব্দুস সোবহান। সঙ্গে ছিল সাত বছর বয়সী ছোট্ট নাতি। মান্দা ফেরিঘাট থেকে তাঁরা একটি অটোরিকশায় চড়ে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যাণ্ডের উদ্দেশ্যে রওনা দেন।  পথে বাবলাতলী এলাকায় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে আব্দুস সোবহান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে