বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও আলোচনা হয়। দেশের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেন জহির উদ্দিন স্বপন।
সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়া যাবে বলে তারা আশা করেন।