ক্ষেতলালে স্বামীর সাথে অভিমান করে স্কুলছাত্রী গৃহবধূর আত্মহত্যা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম
ক্ষেতলালে স্বামীর সাথে অভিমান করে স্কুলছাত্রী গৃহবধূর আত্মহত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্বামীর ওপর অভিমান করে শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে মুসরিকা আক্তার মিতু (১৮) নামে এক স্কুলছাত্রী গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মামুদপুর চৌতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিতু একই গ্রামের সাঞ্জাপাড়ার মাসুদ রানার মেয়ে। তিনি মামুদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ার সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর (১৮) সাথে প্রেমে জড়িয়ে পড়েন। শুভ মামুদপুর চৌতাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। পারিবারিক সম্মতিতে এক বছর আগে তাদের বিয়ে হয়। শুভ এবছর এস এস সি পরীক্ষা দিয়েছেন ও মিতু দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে।

নিহতের শ্বশুর শাহিনুর ইসলাম জানান, বাড়ির পাশে পুকুর সেচ দেওয়ার কাজ চলছিল। রাত ৩টার দিকে শুভ ও মিতু দুজনই সেখানে যায়। তবে তাদের মধ্যে কী বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে তা নিশ্চিত করা যায়নি। পুকুর থেকে মিতু একা বাড়িতে ফিরেই নিজ ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। ওই ঘরে মিতুর ছোট বোন ছিল সে টের পেয়ে চিৎকার করে। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৮টায় ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে