দৈনিক পূর্বাঞ্চলের প্রয়াত বার্তা সম্পাদক অরুণ সাহার একমাত্র পুত্র আকাশ সাহার স্ত্রী অর্থাৎ প্রয়াত সাংবাদিক অরুণ সাহার পুত্রবধূ স্বপ্না সাহা (২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গাস্থ সন্ধানী মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার আটমাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালের নিবিড় পরিচর্চাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে সেখানে ভর্তি করা হয়। ২৪ সেপ্টেম্বর দুপুরে চিকিৎসকরা তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রিতিশ তরফদারসহ অন্যান্য চিকিৎসকদের পরামর্শে নগরীর অন্য একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হলেও সেখানে আইসিইউ বেড না থাকায় তা’ সম্ভব হয়নি। এক পর্যায়ে বিকেল পাঁচটা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, স্বপ্না সাহার মরদেহ গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে নগরীর শীতলাবাড়ি মন্দিরে নেওয়া হয়। সেখানে ধর্মীয় কার্যক্রম শেষে রূপসা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
শোক : অপরদিকে প্রয়াত সাংবাদিক অরুণ সাহার পুত্রবধূর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পূর্বাঞ্চল-ট্রিবিউন পরিবার। শোক বিবৃতি দিয়েছেন, পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ডেইলী ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক এস এম আতিয়ার রহমান, চীফ রিপোর্টার মো. সাহেব আলী, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদসহ পূর্বাঞ্চল-ট্রিবিউনে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।