চাঁদপুরের ২৩২টি মণ্ডপে জোর প্রস্তুতি

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৮ পিএম
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)  ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পরিষদ সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য প্রদান করেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। দেশের ৬৪টি জেলা থেকে আগত নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার সাংগঠনিক তৎপরতা ও আসন্ন দুর্গাপূজা আয়োজনের নানা দিক তুলে ধরেন। "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"-এই চেতনাকে সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সম্প্রীতি ও সহযোগিতায় উৎসব সফল করার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উৎসব ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ের জন্য বিশেষ একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করা হয়। খুব শিগগিরই এই নির্দেশনার আলোকে প্রতিটি জেলা ও উপজেলায় বর্ধিত সভা আয়োজন করা হবে বলে জানানো হয়। কেন্দ্রীয় বর্ধিত সভায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা। তারা জেলার সার্বিক প্রস্তুতি ও স্থানীয় পরিস্থিতি সভার সামনে তুলে ধরেন।

জানা গেছে, এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় মোট ২৩২টি মণ্ডপে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে এখন মৃৎশিল্পীদের নিপুণ হাতে দেবী প্রতিমা গড়ার কাজ চলছে দ্রুত গতিতে। সেই সাথে আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জার প্রস্তুতিও জমে উঠেছে।

 পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের ৬ দিনব্যাপী এই প্রাণের উৎসব। পরবর্তীতে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন ও বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের।

আপনার জেলার সংবাদ পড়তে