খালেকুজ্জামান বাবলু

জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম
জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে
উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে ৪৪টি পরিবারের মাঝে ৬৮ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু এসব বলেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম। অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সার্বিক তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার জেলার সংবাদ পড়তে