চাঁদপুরে জামাত নেতা আইনজীবীর চেম্বারে হামলা ও ভাঙচুর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
চাঁদপুরে জামাত নেতা আইনজীবীর চেম্বারে হামলা ও ভাঙচুর

চাঁদপুরের ঐতিহ্যবাহী আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এক আইনজীবীর চেম্বারে অতর্কিত হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা জাজ কোর্ট এলাকায় বিশিষ্ট আইনজীবী ও আল-আমিন একাডেমি গভর্নিং বডির সদস্য ও চাঁদপুর পৌর জামাতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের চেম্বারে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ বাতিলের প্রতিবাদে শত শত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে অভিভাবকদের পক্ষে প্রাতিষ্ঠানিক স্বার্থে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

অভিযোগ উঠেছে, মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত কোর্ট এলাকায় অবস্থিত অ্যাডভোকেট শাহজাহান খানের চেম্বারে প্রবেশ করে। অ্যাডভোকেট শাহজাহান খান জানান, নিজেদের ছাত্রদলের নেতাকর্মী পরিচয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা তার চেম্বারে ঢ়ুকেই তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চেম্বারের সামনের নামফলক ও সাইনবোর্ড ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এরপর চলে যায় ।

 এদিকে, হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারা। চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী এক বিবৃতিতে জানান, আক্রান্ত আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান খান চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও শহর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের কাছে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পৃথক এক যৌথ বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মোঃ মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

অন্যদিকে, চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, চাঁদপুরের আঞ্চলিক পত্রিকার মাধ্যমে তারা এই অভিযোগের কথা জানতে পেরেছেন। ছাত্রদলের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যেই এমন 'মিথ্যা ও বানোয়াট' অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে