পাবনার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও সাধারণ সম্পাদক খন্দকার আরমানের সই করা আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছরের জন্য সলিমপুর, সাহাপুর, লক্ষীকুন্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সলিমপুর ইউনিয়নে রতন আলীকে সভাপতি ও শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি, পাকশীতে তাসনিমুল হাসান অনিককে সভাপতি ও জান মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি এবং দাশুড়িয়ায় আহাদ আলীকে সভাপতি ও হৃদয় ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। সাঁড়া ইউনিয়নে তৌহিদুর রহমান রিয়নকে সভাপতি ও রাসেল আলীকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের, মুলাডুলিতে আল-আমিন ইসলামকে সভাপতি ও আশরাফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের, লক্ষীকুন্ডায় মিজানুর রহমান আলিফকে সভাপতি ও ওমর ফারুক কমলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের এবং সাহাপুরে রাফি হোসেন জিতুকে সভাপতি ও হুমায়ুন কবির হিমেলকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে
বিজ্ঞপ্তিতে নতুন কমিটির পদপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।