চাঁদপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সাধারণ সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
চাঁদপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি এবং সঠিক ও স্বচ্ছ জন্মনিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, জনসেবার মানোন্নয়ন ও জন্মনিবন্ধনের গুরুত্বসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

সভাপতির বক্তব্যে ইউএনও এসএমএন জামিউল হিকমা বলেন, "প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।" আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি নির্দেশ দেন যে, যেকোনো উদ্ভূত পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কোনো ধরনের অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে তিনি তা প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জন্মনিবন্ধনের বৈশ্বিক ও জাতীয় গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "জন্মনিবন্ধন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এটি কেবল দেশে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য একটি সনদ। তাই ভুল তথ্যের বিন্দুমাত্র সুযোগ না রেখে সঠিক তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন সম্পন্ন করতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের শতভাগ দায়িত্বশীল হতে হবে।"

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রাকিবুল হাসান ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, কৃষি কর্মকর্তা তপন রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, সমাজসেবা অফিসার মাহবুব আলম, সমবায় অফিসার নাজমুনন্নাহার, যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তাবিকুল ইসলাম এবং তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তার।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আশিকাটি, তরপুরচণ্ডী, চান্দ্রা, বালিয়া, ইব্রাহিমপুর, কল্যাণপুর, বিষ্ণুপুর, শাহমাহমুদপুর, রামপুর, মৈশাদী ও বাগাদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. ওয়ালী উল্ল্যাহ পলাশসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সভায় উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে দ্রুত ও গুণগত সেবা পৌঁছে দেওয়ার জন্য সকল দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় বজায় রেখে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে