শিশু মুসলিমা হত্যার বিচারের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ পিএম
শিশু মুসলিমা হত্যার বিচারের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে শিশু মুসলিমা খাতুন (৭) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কচুড়িয়া খাঁ মার্কেটের সামনে মোল্লাহাট-চিতলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুলশিক্ষার্থী, নিহত শিশুর পরিবারের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে মুসলিমা পাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর শেখের বাড়িসংলগ্ন পানবরজের পাশে একটি প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পানবরজের মালিক জাহাঙ্গীর (৫৫), তার ছেলে রমজান (২৩) ও আব্দুর রহমান (১৯)'কে আটক করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু মুসলিমা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা শিশু হত্যা বন্ধ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় ‘শিশু হত্যা বন্ধ করো’, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, “এ ঘটনায় যথাযথভাবে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সহযোগিতা করেছে।”

আপনার জেলার সংবাদ পড়তে